দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, তারা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, এখনো নিশ্চিতভাবে জলাতঙ্কে মৃত্যুর প্রমাণ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, কঞ্চিবাড়ী এবং পাশের ছাপড়হাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুর নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। অনেকে প্রথমে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও প্রাথমিক চিকিৎসা নেন। পরে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে শুরু করেন। গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আক্রান্তদের মধ্যে গত বুধবার দুজন এবং শুক্রবার একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর মঙ্গলবার ও বুধবার বাড়িতে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, কঞ্চিবাড়ী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুলতানা বেগম (৫০), বজরা কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫), কঞ্চিবাড়ী গ্রামের ফুলু মিয়া (৫৫) ও আফরোজা বেগম (৫০), এবং পাশের ছাপরহাটী ইউনিয়নের পূর্ব ছাপরহাটী এলাকার রতনেশ্বর কুমার (৫৩)।
আহতদের একজন মিতু আক্তার (১৬) বলেন, বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ একটি কুকুর এসে তার হাতে কামড় দেয়। পরে তিনি হাসপাতালে গিয়ে টিকা নেন।
একই গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য আক্তার (১১) জানায়, স্কুলে যাওয়ার পথে কুকুরটি তার মুখমণ্ডলে কামড় দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে আসে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিস কুকুরের সংখ্যা বেড়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাজার, সড়ক ও আবাসিক এলাকায় অবাধে ঘোরাফেরা করা কুকুরের কারণে প্রায়ই মানুষ আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, গত তিন বছরে উপজেলায় বেওয়ারিস কুকুরের টিকার কোনো বরাদ্দ আসেনি। তবে পোষা কুকুর ও বিড়ালের জন্য সীমিত পরিমাণ ভ্যাকসিন পাওয়া গেছে।
গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান বলেন, আগে সীমিত আকারে বেওয়ারিস কুকুরের টিকা বরাদ্দ পাওয়া যেত এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে পৌরসভাগুলোতে বরাদ্দ দেওয়া হতো। বর্তমানে এ কার্যক্রম চলমান রয়েছে। তবে নিহত পাঁচজনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। একজনের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, আক্রান্ত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেননি। তবে তারা বিভিন্ন সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা নিয়েছেন। বর্তমানে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এলাকায় কাজ করছেন।
জে আই